নিষেধাজ্ঞার মাঝেই আসছে হুয়াওয়ের ফ্ল্যাগশিপ ফোন

২৮ আগষ্ট, ২০১৯ ২৩:৫৩  
গুগলের অফিশিয়াল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং গুগল ম্যাপসের মতো বহুল ব্যবহৃত অ্যাপসগুলো ব্যবহার করতে না পারলেও নতুন হাই-এন্ড স্মার্টফোন উন্মোচনের পরিকল্পনা করেছে হুয়াওয়ে টেকনোলজিস। খবর রয়টার্স। প্রাথমিকভাবে ইউরোপের বাজারে এই স্মার্টফোন উন্মোচন করা হবে। সূত্রমতে, আগামী ১৮ সেপ্টেম্বর মিউনিকে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন মেট ৩০ সিরিজের ফোন উন্মোচন করছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। মেট ৩০ স্মার্টফোন নতুন ফাইভজি মোবাইল নেটওয়ার্কে কাজ করবে। ট্রাম্প প্রশাসন কর্তৃক নিষেধাজ্ঞার পর এটিই হবে হুয়াওয়ের প্রথম ফ্ল্যাগশিপ ফোন উন্মোচন। গত মে মাসের মাঝামাঝি দিকে জাতীয় নিরাপত্তার অভিযোগ এনে এই নিষেধাজ্ঞা দেয়া হয়। যদিও বাজার বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্র চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধের বলি হয়েছে হুয়াওয়েসহ চীনা কোম্পানিগুলো। গুগলের একজন মুখপাত্র বলেন, হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞা থাকায় মেট ৩০ স্মার্টফোনে অ্যান্ড্রয়েডের লাইসেন্সড সংস্করণ ও গুগল অ্যাপস ব্যবহার করতে পারবে না হুয়াওয়ে। গত সপ্তাহে ঘোষিত সাময়িক শিথিলতা নতুন ফোনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তবে হুয়াওয়ে অ্যান্ড্রয়েডের ওপেনসোর্স সংস্করণ ব্যবহার করতে পারবে। সেক্ষেত্রে গুগলের কোনো অ্যাপস থাকবে না। যদিও হুয়াওয়ে নিজেদের অপারেটিং সিস্টেম ও ইকোসিস্টেমে নতুন ফোনটি আনতে পারে বলে ধারণা করছেন অনেকেই। ডিবিটেক/বিএমটি